
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আসন্ন পুর্নগঠনে গুরুত্বপূর্ণ পদের দৌড়ে শীর্ষ আলোচনায় রয়েছেন এডভোকেট শাহীনুর বেগম সাগর। দলের তৃণমূল থেকে উঠে আসা এই ত্যাগী ও পরীক্ষিত নেত্রীকে কেন্দ্র করে নোয়াখালী ও ঢাকার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
বর্তমানে তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। ক্লিন ইমেজ এবং দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের কারণে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বে তাকে মূল্যায়নের দাবি তুলেছেন মাঠপর্যায়ের নেতাকর্মীরা। তৃণমূল থেকে সুপ্রিম কোর্ট: বর্ণাঢ্য এক রাজনৈতিক ক্যারিয়ার
এডভোকেট শাহীনুর বেগম সাগরের রাজনীতিতে পথচলা ছাত্রদলের মাধ্যমে। তিনি নোয়াখালী পৌরসভার করিমপুরের স্থায়ী বাসিন্দা। ২০০১ সালে তৎকালীন ছাত্ররাজনীতির অন্যতম প্রাণকেন্দ্র ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে অত্যন্ত সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও সফলভাবে পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন প্রতিষ্ঠিত আইনজীবী হিসেবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকার রাজপথে দলীয় প্রতিটি কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখছেন।
সংসদীয় রাজনীতি ও নোয়াখালীর সাথে নাড়ির টান
আইন পেশা ও কেন্দ্রীয় রাজনীতির কারণে ঢাকায় অবস্থান করলেও নোয়াখালীর মাটি ও মানুষের সাথে এডভোকেট শাহীনুর বেগম সাগরের রয়েছে গভীর সম্পর্ক। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন পেয়েছিলেন তিনি। এছাড়া ২০২৬ সালের সংরক্ষিত নারী আসনের এমপি পদেও দলীয় মনোনয়ন চেয়েছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর স্থানীয় রাজনীতি এবং বিভিন্ন দলীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে নেতাকর্মীদের সুসংগঠিত করছেন তিনি। নেতাকর্মীদের প্রত্যাশা
স্বেচ্ছাসেবক দলের তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের জন্য এডভোকেট শাহীনুর বেগম সাগরের মতো ত্যাগী, উচ্চশিক্ষিত এবং নারী নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। কেন্দ্রীয় কমিটিতে তাকে আরও গুরুত্বপূর্ণ বা শীর্ষ পদে দায়িত্ব দেওয়া হলে সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে।

বিশেষ প্রতিনিধি, নোয়াখালী 








